Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

গাজীপুরে একরাতে তিন বাসে আগুন

📅 12 November 2025, 02:58 PM | 👁️ পঠিত: 19 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গাজীপুরে একরাতে তিন বাসে আগুন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : ঢাকা গাজীপুরে একরাতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর এবং শ্রীপুরে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ও বুধবার ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি পৃথক বাসে অগ্নিসংযোগ করেছে। এসব অগ্নিসংযোগ এর ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মহানগরের বাসনার ভোগড়া পেয়ারা বাগানে ভিআইপি পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই ভিআইপি পরিবহনের বাসটিতে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের পরিদর্শক ইকবাল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, আগুন দেওয়ার সময় বাসে কোন লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে বাসটি সড়কের পাশে পার্ক করা ছিল। এছাড়া জেলার শ্রীপুর থানাধীন বেরাইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৪টা ৫০মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে বাসটির ইঞ্জিনসহ কিছু অংশ পুড়ে গেছে। অপরদিকে, একই রাতে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এটি ঘটানো হয়। জানা যায়, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। তখন একটি মোটরসাইকেলে দুইজন যুবক এসে বাসের পাশে থামে এবং মুহূর্তের মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির আসন ও কিছু যন্ত্রাংশ পুড়ে যায়। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো প্রাণহানি হয়নি, তবে বাসের আংশিক ক্ষতি হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]