Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

রাতারগুলের মটরঘাটকে টেন্ডারের আওতায় আনার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

📅 30 June 2026, 12:54 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাতারগুলের মটরঘাটকে টেন্ডারের আওতায় আনার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
সিলেটের পর্যটন কেন্দ্র রাতারগুল সোয়াম্প ফরেস্টের ‘মটরঘাট’কে পার্কিং দরপত্রের অন্তর্ভুক্ত করে পুনরায় টেন্ডার আহ্বানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। সোমবার (২৯ জুন) সকালে রাতারগুল এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সম্প্রতি বন বিভাগ কর্তৃক প্রকাশিত এক দরপত্র বিজ্ঞপ্তিতে চৌরঙ্গীঘাট ও রাতারগুল মাঝেরঘাটকে পার্কিংয়ের জন্য অন্তর্ভুক্ত করা হলেও, গুরুত্বপূর্ণ ‘মটরঘাট’কে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং মটরঘাটকে টেন্ডারের আওতায় আনার দাবিতে স্থানীয় ব্যবসায়ী, মাঝি এবং সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতারগুলের পর্যটন ব্যবস্থাপনায় মটরঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একে টেন্ডারের বাইরে রাখায় একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে এলাকার হাজারো মানুষ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
আবেদনে উল্লেখ করা হয়, চৌরঙ্গীঘাট ও রাতারগুল ঘাটে পার্কিং চার্জ কার্যকর থাকলে পর্যটকদের গাড়ি চালকরা ফি এড়াতে মটরঘাটের দিকে ঝুঁকবেন। এতে চৌরঙ্গীঘাট ও রাতারগুল ঘাট পর্যটকশূন্য হয়ে পড়বে এবং শত শত নৌকার মাঝি ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা কর্মসংস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করবেন। এছাড়া ঘাটগুলোর মধ্যে পর্যটক ও যানবাহন ভেড়ানো নিয়ে স্থানীয়দের মাঝে দ্বন্দ্ব ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কাও প্রকাশ করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিলাল আহমদ, সোনা মিয়া, আমির আলী, হারিছ আলী, ইরফান আলী, মাজরুল, বিলাল, কামাল, শাহাবুদ্দিন, মারুফ আহমদ, মদরিছ আলী, খালেদ আহমদ, মিনহাজ উদ্দিন, সালমান, রিয়াদ, সায়েম আহমদ, মিজান, জিয়া, জীবান, মোমিন, সিফাত, আকিল, জাহাঙ্গীর, সিরাজ মিয়া, আল আমিন, ইব্রাহিম আলী, মনির ও লায়েক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্ভূত পরিস্থিতি নিরসন এবং স্থানীয়দের রুজি-রোজগার ও কর্মসংস্থান সুরক্ষার লক্ষ্যে চৌরঙ্গীঘাট ও রাতারগুল মাঝেরঘাটের পাশাপাশি মটরঘাটকেও একই দরপত্রের আওতাভুক্ত করে পুনরায় সুষম টেন্ডার আহ্বানের জন্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]