নিজস্ব প্রতিবেদক -
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তার পৈত্রিক বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায় হলেও তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে আলিফ উতরাইল বাজারে একটি দোকানে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি জানান, নিহতের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে।
এদিকে খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও গত ১০ নভেম্বর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা আলিফকে কুপিয়ে জখম করেছিল। তিনি মাদক চোরাচালান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অনুসন্ধানী লেখালেখি করতেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম। সংগঠনের সভাপতি মোঃ কুতুব উদ্দিন এক বিবৃতিতে বলেন, অপরাধী যেই হোক, তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কুতুব উদ্দিন বলেন- দেশের পরিস্থিতি যদি এই অবস্থায় চলতে থাকে, আইনের শাসনের অবনতি হলে সরকার এবং জাতি কলঙ্কিত হবে। এভাবে দেশ চলতে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি সম্মানের সহিত আহ্বান জানাচ্ছি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ করুন, সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করুন। প্রতিনিয়ত কোথাও না কোথাও সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছে, আইন অন্ধের মতো না দেখার ভান করছে, সাংবাদিকদের আহ্বান মূল্যায়ন করছে না - এর তীব্র ধিক্কার জানাই।
তিনি আরও বলেন, আইনি ব্যবস্থা আরও উন্নত করতে হবে। একই সাথে তিনি দেশের রাষ্ট্র কাঠামো উন্নয়ন এবং সকল সাংবাদিকের রাষ্ট্রীয় সুবিধা, মর্যাদা ও সুরক্ষা প্রদানে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।