Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 19 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

📅 19 November 2026, 11:52 AM | 👁️ পঠিত: 7 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ গতিপথ পরিবর্তন করেছে। বর্তমানে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। 

 

আকভানের প্রভাবে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে উড়িষ্যা সরকার।

 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী ২০ নভেম্বর দুপুরের মধ্যে মাচিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে আঘাত হানতে পারে। এ সময় এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

 

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ওডিশার গোপালপুরের মধ্যবর্তী যেকোনো স্থানে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের প্রভাব পুরী পর্যন্ত অনুভূত হতে পারে। আবহাওয়ার কয়েকটি পূর্বাভাস মডেলে ঘূর্ণিঝড়টির গতিপথ আবার বাঁক নেওয়ার সম্ভাবনাও দেখা গেছে।

ঘূর্ণিঝড় ও এর প্রভাবে বৃষ্টির আশঙ্কায় উড়িষ্যার ১৪টি উপকূলীয় ও আশপাশের জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলো হলো—গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, যাজপুর, ঢেঙ্কানাল, কেওনঝড় ও ময়ূরভঞ্জ। এসব জেলার বেশির ভাগ এলাকায় অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

 

পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ ও উপকূলীয় ছয়টি জেলার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অন্য জেলাগুলোতেও পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকদের ক্ষমতা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় উড়িষ্যার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের চিহ্নিত করে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলোকে। বিশেষ করে কাঁচা ঘরে বসবাসকারী, উপকূলীয় ও নিচু এলাকার মানুষদের ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে।

 

গত মাসে ঘূর্ণিঝড় ‘আর্নব’-এর পর অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ওডিশায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদেরও আগেভাগে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]