সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -
ঢাকা রাজধানীর মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।
জাতীয় গ্রিডের ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
পাওয়ার গ্রিড বাংলাদেশ সূত্রে জানা গেছে, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ রাজধানীর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের একটি অংশও বিদ্যুৎহীন রয়েছে।
সচিবালয়ের পূর্ত মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, ডিপিডিসি থেকে তাদের জানানো হয়েছে— গ্রিড বিপর্যয়ের কারণেই মূলত সচিবালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তবে ঠিক কোন গ্রিডে এই ত্রুটি দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডেই এ বিপত্তি ঘটে থাকতে পারে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সুনির্দিষ্ট প্রযুক্তিগত কারণ এখনো জানা যায়নি। তবে সিস্টেম স্বাভাবিক করতে জোরেশোরে কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর চেষ্টা করছেন। বর্তমানে জাতীয় গ্রিডের পুরো সিস্টেমটি ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার বা এনএলডিসির নিয়ন্ত্রণে রয়েছে।
সংস্থাটি আরও নিশ্চিত করেছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্য সব এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে।
এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সচিবালয় ও এর আশপাশের এলাকা ছাড়াও মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ এবং খিলগাঁওসহ বেশ কিছু এলাকায় এখনো বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন।