Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 11 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটে সর্ববৃহৎ অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত, সমাগম ২০ হাজার মানুষের বাহারি নিরামিষ পদে অন্নকূটের আয়োজন

📅 11 November 2026, 06:56 PM | 👁️ পঠিত: 4 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে সর্ববৃহৎ অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত, সমাগম ২০ হাজার মানুষের বাহারি নিরামিষ পদে অন্নকূটের আয়োজন

মাটির পাত্রে থরে থরে সাজানো নানা ধরনের নিরামিষ পদ। একসঙ্গে এত পদের আয়োজন দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। কেউ ঘুরে ঘুরে দেখছেন, কেউ ছবি তুলছেন। আবার কেউ গিরিরাজ গোবর্ধনের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে প্রণাম করছেন। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট নগরের ইসকন যুগলটিলা মন্দিরে দিনব্যাপী অন্নকূট মহোৎসবে দেখা যায় এমন চিত্র।

অন্নকূট উপলক্ষে মন্দিরে ১ হাজার ২০০টির বেশি পদের নিরামিষ খাবারের আয়োজন করা হয়। এসব পদের মধ্যে ছিল ছানার রসা, কাশ্মীরি, কাঁচকলা, কাঁঠালের ইচড়, কলার মোচা, জয় পনির, ফুলকপি, বাঁধাকপি, মিশ্র সবজি, আলুর দম, ডাল, পোলাও, মিষ্টি ও পিঠাসহ নানা ধরনের খাবার।

মহোৎসব দেখতে সকাল থেকেই মন্দিরে ভক্ত ও দর্শনার্থীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। আয়োজকদের হিসাব অনুযায়ী, দিনব্যাপী এ আয়োজনে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম ঘটে।

অন্নকূট উপলক্ষে আগের রাত থেকেই মন্দিরে রান্নার কাজ শুরু হয়। একাধিক চুলায় ভক্তরা বিভিন্ন পদ তৈরি করেন। পরে সেসব খাবার মাটির পাত্রে সাজিয়ে গিরিরাজ গোবর্ধনের সামনে নিবেদন করা হয়। অন্ন দিয়ে তৈরি করা হয় গোবর্ধন পর্বতের প্রতিকৃতিও।

মহোৎসবে আসা দর্শনার্থীদের অনেকে ঘুরে ঘুরে বিভিন্ন পদের আয়োজন দেখেন। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে উৎসবে যোগ দেন। তাঁদের কাছে এমন আয়োজন ছিল নতুন অভিজ্ঞতা।

দর্শনার্থী গৌতম সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, এত ধরনের নিরামিষ পদ একসঙ্গে আগে কখনো দেখেননি। প্রতিটি পদের আয়োজন ও সাজসজ্জা তাঁর ভালো লেগেছে। এমন আয়োজন দেখতে পেরে তিনি আনন্দিত।

ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস বলেন, অন্নকূট শব্দের অর্থ অন্নের পাহাড়। শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলাকে স্মরণ করে প্রতিবছর এ উৎসব পালন করা হয়। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, দেবরাজ ইন্দ্রের প্রবল বৃষ্টির হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। সেই লীলার স্মরণে নানা ধরনের নিরামিষ পদ তৈরি করে গিরিরাজ গোবর্ধনের উদ্দেশে নিবেদন করা হয়। এবারের আয়োজনে ১ হাজার ২০০টির বেশি নিরামিষ পদের সমাহার ঘটেছে। আয়োজকদের দাবি, এটি সিলেটে এ পর্যন্ত অনুষ্ঠিত সর্ববৃহৎ অন্নকূট মহোৎসব। ভক্তদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এত বড় আয়োজন সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ইসকন সিলেটের অন্নকূট মহোৎসব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এমন আনন্দঘন আয়োজন দেখে তিনি আনন্দিত। বর্তমানে সবাই ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছেন, এটাই বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অন্য মন্দির ও উপাসনালয়ের মতো ইসকন মন্দিরকেও সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। তিনি বলেন, তাঁরা সব সময় সিলেট সিটি করপোরেশনের কাছ থেকে সহযোগিতা পেয়ে আসছেন। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী। কীর্তন, ভোগদর্শন, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ মহোৎসব শেষ হয়।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]